চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উপর হামলা ও অফিস ভাঙচুরের এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাবেক সভাপতি আজাদ হোসেন ওরফে রবিন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আরিফ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার গুপ্তি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. আজাদ হোসেন ওরফে রবিন উপজেলা ছাত্রলীগের সদস্য ও গুপ্তি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। রবিন ওই ইউনিয়নের ষোলদানা গ্রামের মো. আমিন পাটওয়ারীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০২২ সালে ফরিদগঞ্জে বিএনপির দলীয় কর্মসূচিকালীন বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ২০২৫ সালে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রবিনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সারাদেশের মতো ফরিদগঞ্জেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা নাশকতার যেকোনা চেষ্টা রুখে দিতে পুলিশ তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য: বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পৌর সদরস্থ চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ ব্রিজ (বেইলি ব্রিজ) এর ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ১৫-২০ জন একটি মিছিল করে। এরপর থেকে পুলিশ অভিযানে নামে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৩ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur