ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নানকে বিজয়ী করার লক্ষ্যে ফরিদগঞ্জে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে পৌর ছাত্রদলের ব্যানারে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এ সময় পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে।
গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী এবং পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা চিংড়ি প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং আলহাজ্ব এম. এ. হান্নানকে একজন জনপ্রিয়, সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরেন। তাঁদের দাবি, ফরিদগঞ্জের মানুষের সুখ–দুঃখে সবসময় পাশে থাকা একজন পরীক্ষিত সমাজসেবক হলেন এম. এ. হান্নান।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, আলহাজ্ব এম. এ. হান্নান ফরিদগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁকে নির্বাচিত করা হলে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রতি চিংড়ি প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
২ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur