ফরিদগঞ্জে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত এম এ হান্নান এমপি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গোপনীয় ব্যালট প্রক্রিয়ার মধ্য দিয়ে ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির ‘দাতা সদস্য’ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনন্য জয় পেয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।
শনিবার (২২ আগস্ট) বিকেলে কলেজ প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত দাতা সদস্যদের নির্বাচনে তিনি সকল সদস্যের শতভাগ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী নির্বাচিত হন।
ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
ফলাফল প্রকাশ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব এম এ হান্নান এমপি বলেন, এই কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের সাথে আমারও অবদান রয়েছে। তবে আমি কখনোই কোনো কিছু জাহির বা প্রকাশ করতে পছন্দ করি না। আমার একমাত্র লক্ষ্য-আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কলেজের পড়াশোনার মান ও ভৌত অবকাঠামো উন্নত করব। ফরিদগঞ্জের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এই কলেজে দ্রুত অনার্স কোর্স চালু করাই আমাদের অগ্রাধিকার।
তিনি আরও বলেন, জনগণ বিপুল ভোটে আমাকে তাঁদের সেবা করার আমানত দিয়েছেন। তাই ফরিদগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
উক্ত নির্বাচন ও ফলাফল উপস্থাপনকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।
দাতা সদস্য হিসেবে ভোট প্রদান করতে গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ দাতা সদস্য ভোটার মোতাহার হোসেন পাটওয়ারী সিআইপি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সমাজে সেবক কলেজের দাতা সদস্য ভোটার শাহাজাহান পাটওয়ারী। তারা দুজন ভোটার দাতা সদস্য ভোটার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নানকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
নবনির্বাচিত হিতৈষী সদস্য লায়ন ফখরুল আহমেদ ফয়সাল, গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ সাবেক সভাপতি ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ মোল্লা, কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ গত ২০ আগস্ট নির্বাচিত শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিগণ।
প্রতিবেদক: শিমুল হাছান,
২২ আগস্ট ২০২৬