ফরিদগঞ্জে কিশোর গ্যাং কালচার ও মাদক উপড়ে ফেলতে হবে- ইউএনও
চাঁদপুরের ফরিদগঞ্জে কিশোর গ্যাং কালচার ও মাদক নির্মূলে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, মাদক ও কিশোর অপরাধ বর্তমানে আমাদের সামাজিক কাঠামোর প্রধান ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা কমিটির আজকের সভায় এসব বিষয়ে অত্যন্ত বাস্তবমুখী ও গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে এসেছে। প্রশাসনিক কঠোরতার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারলে আমরা এই অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে সক্ষম হব।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও মাদকের রুট বন্ধে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও কোনো অন্যায় বা অস্থিতিশীল পরিস্থিতি দেখলে তা প্রতিরোধে জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। তবেই সমাজে কাঙ্ক্ষিত শান্তি ও ইতিবাচক পরিবর্তন বজায় থাকবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউনুছ হেলালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা পৌর এলাকা ও ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ধ্যার পর অপ্রয়োজনে কিশোরদের আড্ডা বন্ধে পুলিশের টহল জোরদার এবং চোরাই পথে মাদক সরবরাহ বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের তাগিদ দেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ সেপ্টেম্বর ২০২৬