আজ ফরিদগঞ্জে কসমিক হজ গ্রুপের ফ্রি হজ সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি

চাঁদপুরের ফরিদগঞ্জে সুনামধন্য কসমিক এয়ার ইন্টারন্যাশনাল ও কসমিক হজ গ্রুপের উদ্যোগে আগামী ২০২৭ সালের পবিত্র হজ গমনেচ্ছীদের জন্য দিনব্যাপী ফ্রি হজ সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় ফরিদগঞ্জ তুলাতলী জামে মসজিদ সংলগ্ন আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে এই সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

কর্মশালায় হজের সঠিক নিয়মাবলি ও সহিহ পদ্ধতিতে পবিত্র হজ পালনের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সোবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় থাকবেন কসমিক এয়ার ইন্টারন্যাশনাল ও কসমিক হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম শাহিন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোতাহার হোসেন পাটওয়ারী এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মামুনুর রশিদ পাঠান।

এছাড়াও সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা মাদ্রাসাতুল হাদিসের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ আল মামুন মাদানী, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও হরিনা দুর্গাপুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস হেলালসহ আগত বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।

আয়োজনের বিষয়টি নিশ্চিত করে কসমিক এয়ার ইন্টারন্যাশনাল ও কসমিক হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম শাহিন জানান, যারা ২০২৭ সালে পবিত্র হজ পালনের ইচ্ছে পোষণ করেছেন, তাঁদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। আল্লাহর মেহমানদের খেদমতে হজের সঠিক আহকাম, নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সকলের উপস্থিতি ও আন্তরিক দোয়া কামনা করছি।

প্রতিবেদক: শিমুল হাছান,
২২ আগস্ট ২০২৬