ফরিদগঞ্জে এম এ হান্নান ধানের শীষ প্রার্থীর বাবা-মায়ের কবর জিয়ারত
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান প্রদর্শনের অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে মান্দারখিল পাটওয়ারী বাড়ির অভিমূখে লায়ন মোঃ হারুনুর রশিদের বাবা-মায়ের কবরস্থানে গিয়ে তিনি নিজ সমর্থিত নেতাকর্মীদের নিয়ে মরহুমদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রতি গুরুত্বারোপ করেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আমানত গাজী, এম. এ. হান্নানের পুত্র আব্দুল ইবনে হান্নান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, স্থানীয় বিএনপি নেতা মাসুদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই এটিকে নির্বাচনী পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির একটি উদাহরণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে এ ধরনের সৌজন্যমূলক উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
কবর জিয়ারত শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদের ছেলে সাদমান সাকিব অপূর্ব স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানকে চায়ের দাওয়াত দেন। এসময় এমএ হান্নান তার কাছে চিংড়ি প্রতীকের ভোট প্রার্থনা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৪ ফেব্রুয়ারি ২০২৬