সারাদেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথম দিনেই উপজেলার ৮টি পরীক্ষা কেন্দ্রে মোট ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উদ্বেগের বিষয় হলো, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বড় একটি অংশই নারী শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে এ বছর ফরিদগঞ্জ উপজেলা থেকে মোট ২ হাজার ১৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। তবে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৮৩ জন। অনুপস্থিতির হার প্রায় ৩.১২ শতাংশ। অনুপস্থিত ৬৭ জনের মধ্যে ৪৮ জনই ছাত্রী এবং ১৯ জন ছাত্র।
কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অনুপস্থিত ছিলেন। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩১০ জনের মধ্যে ১০ জন, গল্লাক আদর্শ কলেজ কেন্দ্রে ৩০৫ জনের মধ্যে ১৩ জন এবং চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২০৭ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক অনুপস্থিতি লক্ষ করা গেছে। ফরিদগঞ্জ মাছিমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৭ জনের মধ্যে ১০ জন, চান্দ্রা ছামিদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২৭ জনের মধ্যে ৬ জন, রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৮৮ জনের মধ্যে ১০ জন এবং মূলপাড়া শামছুদ্দিন খান কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে ৭১ জনের মধ্যে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের এই বড় একটি অংশ কেন অনুপস্থিত তার সুনির্দিষ্ট কোনো কারণ কেন্দ্র সচিব বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে প্রথম দিনেই এতো বিপুল সংখ্যক ছাত্রীর অনুপস্থিতি নিয়ে সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur