ফরিদগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার দুই কারবারি

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই মো. ইসমাইল হোসেন, এসআই আরিফুর রহমান সরকার, এএসআই মাসুদ, জুমায়েত হোসেন জুয়েলসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। এ সময় ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. আরিফ হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ হোসেন বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় এলাকার মিজি বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০-১২টি মামলা রয়েছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের মদনের গাঁও এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ শামসুল হক মজুমদার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি লোহাগড় এলাকার মজুমদার বাড়ির ইউনুছ মজুমদারের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৫ মার্চ ২০২৬