ফরিদগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের মরণনেশা রুখতে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ মো. হাবিবুর রহমান খান (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান ওই গ্রামের খান বাড়ির মৃত আবুল কালাম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ূন কবির, এএসআই জুমায়েত জুয়েল ও মাসুদ আলম সঙ্গীয় ফোর্সসহ ধানুয়া গ্রামে মাদক কারবারির অবস্থানে আকস্মিক হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাবিবুর রহমানকে চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সর্বত্র মাদক ও অপরাধ দমনে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৭ জুলাই ২০২৬