চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অটো পার্টসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে গোয়ালভাওর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান “নাজিম অটো পার্টস”-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানে থাকা কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম হাউমাউ করে কেঁদে বলেন, “আগুন যখন লাগে তখন আমি ঘুমিয়ে ছিলাম। রাত ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। গভীর রাতে মোবাইল ফোনে খবর পেয়ে ছুটে এসে দেখি, সারা জীবনের সঞ্চয় ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিলে তিলে গড়ে তোলা আমার ব্যবসা প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শত চেষ্টা করেও কিছুই বাঁচাতে পারিনি।
এখন কীভাবে ব্যবসা করবো, কীভাবে সংসার চলবে—আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।”
স্থানীয় বাসিন্দারা জানান, গোয়ালভাওর বাজারে এত বড় অটো পার্টসের দোকান আর নেই। দোকানটিতে লাখ লাখ টাকার মালামাল মজুদ ছিল। বাজারের ক্রেতারা উপজেলা সদরে না গিয়ে এখান থেকেই প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতেন। ফলে অগ্নিকাণ্ডে শুধু ব্যবসায়ীরই নয়, স্থানীয়দেরও ভোগান্তি বাড়বে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুল ইসলাম জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দোকানে বিপুল পরিমাণ অটো পার্টস ছিল। তবে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এদিকে ফরিদগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতা করতে প্রশাসন ও স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur