৫৪ বছর পর ফরিদগঞ্জের রূপসা দক্ষিণে নারীদের ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন
দীর্ঘ ৫৪ বছরের প্রচলিত প্রথা ভেঙে অবশেষে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা।
স্থানীয়ভাবে পীরের নির্দেশনা মেনে এতদিন নারীরা ভোটকেন্দ্রে আসতেন না বলে জানা যায়। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রার্থীর উদ্যোগে নারীদের ভোটদানে উৎসাহিত করা হলে সেই দীর্ঘদিনের প্রথা ভেঙে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) দক্ষিণ চর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন। জীবনের প্রথম ভোট দিতে এসে ৯০ বছর বয়সী মহিফুলের নেছা বলেন, “এই প্রথমবার জীবনে ভোট দিলাম। খুব ভালো লাগছে।” একই কেন্দ্রের আরও কয়েকজন নারী ভোটার জানান, তারা আগে কখনো ভোট দিতে আসেননি; এবার প্রথমবার ভোট দিয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। এই কেন্দ্রে নারী ভোটার প্রায় ৫০ পার্সেন্ট ভোট দিয়েছেন।
দক্ষিণ চর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুস সামাদ জানান, নারী ভোটারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কেন্দ্রের সব কর্মকর্তা নারী রাখা হয়েছে। ফলে দীর্ঘদিনের প্রথা ভেঙে নারীরা নির্ভয়ে ভোট দিতে আসছেন।
অন্যদিকে গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ কে এম লোকমান হাকিম বলেন, “প্রথমবারের মতো এত সংখ্যক নারী ভোটার কেন্দ্রে এসেছেন। তাদের অনেকেই ভোটদানের পদ্ধতি না জানায় কিছুটা সময় বেশি লাগছে, তবে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ।”
রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এবারের নির্বাচনে নারীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।
এদিকে রূপসা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি আনন্দিত। এটি গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”
ধারনা করা যাচ্ছে রূপসা দক্ষিণ ইউনিয়নে সকল নারী কেন্দ্রে ৫০-৬০ পার্সেন্ট ভোট প্রদান করেছে।
প্রতিবেদক: শিমুল হাছান
১২ ফেব্রুয়ারি ২০২৬