প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুব দ্রুত শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ গ্রহণ করবেন তারা। শনিবার ১৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শপথ কে পড়াবেন, তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ফলাফলের গেজেট এবং নব-নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
গতকাল শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩শ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করে ইসি। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেওয়া হবে। আর জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে আগেই।
গত বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
১৪ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur