চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকার বদরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই শুরু হলো সোলেমান লেংটার মেলা। মঙ্গলবার (৩১ মার্চ) থেকে সাত দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক শুরুর কথা থাকলেও ভক্তদের আগাম উপস্থিতির কারণে একদিন আগেই, সোমবার থেকেই মেলার কার্যক্রম শুরু হয়ে গেছে।
প্রতি বছরের মতো এবারও মেলায় বিপুল জনসমাগমের আশা করছে আয়োজকরা, যেখানে প্রায় ১৪ থেকে ১৫ লাখ মানুষের উপস্থিতি হতে পারে। তবে মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগও কম নয়। তাদের অভিযোগ, অতীতের মতো এবারও মেলায় ব্যাপকভাবে মাদক, বিশেষ করে গাঁজার দোকান বসছে। ইতোমধ্যে ঝুপড়ি ঘর তৈরি করে এসব দোকান বসানোর প্রস্তুতি চোখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, শুধু মাদক নয়—মেলাকে কেন্দ্র করে চাঁদাবাজি, জুয়া, অশ্লীল নৃত্য, চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও ঘটে থাকে। নদীপথে আসা ট্রলার ও লঞ্চ থেকে শুরু করে সড়কপথের যানবাহন থেকেও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। যদিও আইনশৃঙ্খলা সভায় এসব অনিয়ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বাস্তবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
মেলার আয়োজক পক্ষের প্রধান লাল মিয়া দাবি করেন, ভক্তরা যে আস্তানা তৈরি করেন, সেগুলোকে সরাসরি মাদক বিক্রির দোকান বলা ঠিক নয়। তবে তিনি স্বীকার করেন, এসব স্থান তার নিয়ন্ত্রণাধীন নয়।
এদিকে মাজার এলাকায় ভক্তদের সমাগম ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে এবং আশপাশে অস্থায়ী দোকান, খানকা ও বসার জায়গা প্রস্তুত করা হচ্ছে। অতীতে এসব খানকায় গান-বাজনার সঙ্গে অশ্লীল নৃত্যের অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, মেলায় শৃঙ্খলা রক্ষায় পোশাকধারী পুলিশ ও সিভিল টিম মোতায়েন থাকবে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, এখনো মেলার কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন পেলে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ‘লেংটার মেলার নামে অনৈতিক ও অবৈধ কার্যক্রম বন্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী।
রোববার চাঁদপুর জেলা প্রশাসকের কাছে দেওয়া ওই আবেদনে তিনি উল্লেখ করেন, মেলাকে কেন্দ্র করে প্রতি বছর নানা অনিয়ম ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়
উল্লেখ্য, পীর হযরত শাহ সুফি সোলায়মান (রহ.), যিনি ‘লেংটা বাবা’ নামে পরিচিত, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয় এবং এটি স্থানীয়ভাবে একটি বড় ধর্মীয় ও লোকজ উৎসবে পরিণত হয়েছে। তবে প্রতি বছরই এর সঙ্গে নানা বিতর্ক ও সমালোচনা জড়িয়ে থাকে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur