প্রধানমন্ত্রীর আসন্ন চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উন্নয়ন কার্যক্রম। সফরকে সফল, সুশৃঙ্খল করতে খালখনন, ফ্যামিলি কার্ড উদ্বোধনস্থল এবং সাংগঠনিক সভা ভেন্যু পরিদর্শন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (১২ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্ব খাল, চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও চাঁদপুর ক্লাব পরিদর্শন করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং সফর উপলক্ষে চলমান প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখা হয়। প্রতিনিধিদল বিশ্ব খাল এলাকায় চলমান খালখনন কার্যক্রম ঘুরে দেখেন।
এসময় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর শুধু একটি রাজনৈতিক বা প্রশাসনিক সফর নয়, এটি চাঁদপুরবাসীর জন্য একটি সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে। উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা চাই, চাঁদপুরবাসী দৃশ্যমান উন্নয়নের সুফল পাক। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চাঁদপুরবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তিনি আরো বলেন, বিশ্ব খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ও সাংগঠনিক সভার আয়োজন—সবকিছুই মানুষের কল্যাণকে সামনে রেখেই করা হচ্ছে। প্রধানমন্ত্রী সবসময় তৃণমূল মানুষের কথা ভাবেন। তাঁর এই সফরের মাধ্যমে চাঁদপুরে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে আমরা আশাবাদী।
পরে তারা চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন। এখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠের নিরাপত্তা, মঞ্চ নির্মাণ, জনসমাগম নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে দিকনির্দেশনা দেওয়া হয়।
এরপর চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির নির্ধারিত সাংগঠনিক সভাস্থল পরিদর্শন করা হয়। সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন সফরসঙ্গীরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার/ ১২ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur