Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / প্রত্যাশী রুস্তম আলী উবি আন্তঃহাউস ফুটবল লিগ অনুষ্ঠিত
প্রত্যাশী

প্রত্যাশী রুস্তম আলী উবি আন্তঃহাউস ফুটবল লিগ অনুষ্ঠিত

চাঁদপুরের প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউস ফুটবল লিগ-২০২৬। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে এ ফুটবল লিগের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় প্রাণবন্ত ক্রীড়াঙ্গনে।

আন্তঃহাউস ফুটবল লিগের সার্বিক পৃষ্ঠপোষকতা করে হেলিও স্মার্টফোন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের সুস্থ বিকাশে ভূমিকা রাখার এমন উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রহমান বেপারী। বিশেষ অতিথি ছিলেন হেলিও স্মার্টফোনের চাঁদপুরের ডিলার বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন এবং হেলিও স্মার্টফোনের চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. শামীমুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন হেলিও স্মার্টফোনের চাঁদপুর জোনের জোনাল সেলস ম্যানেজার অমিত তালুকদার এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া আয়োজনে হেলিও স্মার্টফোনের পৃষ্ঠপোষকতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগকে তারা সামাজিক দায়বদ্ধতারও একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
৬ সেপ্টেম্বর ২০২৬