প্রতিটি গ্রাম ও মহল্লার উন্নয়নই আমার অগ্রাধিকার : এমপি মানিক

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন ও পৌর ১নং ওয়ার্ডে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন।

সকাল ১০টায় বিষ্ণুপুর কাজীর বাজার থেকে কর্মসূচি শুরু করে এমপি মানিক গাজী বাড়ি, বিষ্ণুপুর গ্রাম, বাটখার গাজী বাড়ি, লালপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান। তিনি দোকানপাট, হাট-বাজার এবং বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয়রা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন।

বিকেল ৩টায় তিনি পৌর ১নং ওয়ার্ডের নতুন রাস্তা, মসজিদ পট্টি, ট্যাংক পট্টি ও ফল পট্টিসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় এলাকাবাসী উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি নির্বাচনের আগে যেমন আপনাদের পাশে ছিলাম, নির্বাচনের পরেও তেমনি থাকবো। আপনারা আমাকে ভোট দিয়ে যে আস্থা রেখেছেন, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। চাঁদপুর-৩ আসনের প্রতিটি গ্রাম ও মহল্লার উন্নয়নই আমার অগ্রাধিকার। জনগণের প্রত্যাশা পূরণে আমি প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবো। কোনো অনিয়ম, দুর্নীতি বা জনভোগান্তি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবো। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

সবশেষে বিকেল ৪টায় তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার-এর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার শারীরিক খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবু তাহের মতিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শাহাজালাল শেখ, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম মোল্লা, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক মো. আছলাম তালুকদার, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. রফিক মিজি, সদস্য সচিব মেহেদী মল্লিক, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল মিয়াজী, সাধারণ সম্পাদক হারুন খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী মাল, সাধারণ সম্পাদক জাকির খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, নির্বাচনের পরপরই এমপির এ ধরনের সরাসরি গণসংযোগ কর্মসূচি জনগণের সাথে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।

স্টাফ করেসপন্ডেট
২৫ ফেব্রুয়ারি ২০২৬