রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট
দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে ৪ লাখ ৭০ হাজার ২০২ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। রবিবার ৮ ফেব্রুয়ারি এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার। ব্যালট পেপার নিয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন ভোটার। ভোট দিয়েছেন ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন। সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫টি ব্যালট পেপার। বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৪২৮টি ব্যালট পেপার। তার মধ্যে রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট পেপার।
অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারীদের কাছে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পেপার। ব্যালট পেপার নিয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৫৫২ জন। ভোট দিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার। ভোট দিয়ে পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দিয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন ভোটার। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ১ লাখ ৫২ হাজার ৭৭ জনের ব্যালট পেপার।
১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার। দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কয়েদিদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে ইসি।
৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি