পূর্ব বিতারা ইউনিয়নে চাংপুর গ্রামকে এক ওয়ার্ডে রাখার দাবিতে মানববন্ধন

চাঁদপুরের কচুয়া উপজেলার বৃহত্তম বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে পৃথক ইউনিয়ন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রস্তাবিত পূর্ব বিতারা ইউনিয়নে চাংপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি স্বতন্ত্র ওয়ার্ড গঠনের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাচার-কচুয়া-গৌরীপুর সড়কের চাংপুর শিমুলতলী মোড়ে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা চাংপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি ওয়ার্ড গঠন এবং গ্রামটিকে প্রস্তাবিত পূর্ব বিতারা ইউনিয়নের সঙ্গে স¤পৃক্ত রাখার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মো. নজরুল ইসলাম মাস্টার, হাজী নবীর হোসেন, মো. রোকন, মো. কবির হোসেন, মো. কামাল হোসেন, মো. হাবিব ভূঁইয়া, মো. হারুনুর রশিদ ও মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ২৯টি গ্রাম নিয়ে গঠিত বৃহত্তম বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা একটি সময়োপযোগী পদক্ষেপ। ইউনিয়নের আয়তন ও জনসংখ্যার

বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করা এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানান। তাঁরা আরও বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে চাংপুর গ্রাম বিতারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ইউনিয়ন বিভক্তির ক্ষেত্রে গ্রামের অবস্থান, জনসাধারণের সুবিধা, যোগাযোগব্যবস্থা ও প্রশাসনিক সেবাপ্রাপ্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। চাংপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি স্বতন্ত্র ওয়ার্ড গঠন করা হলে গ্রামের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। বক্তারা দাবি করেন, চাংপুর গ্রামের বাসিন্দাদের যেন বিচ্ছিন্নভাবে একাধিক ওয়ার্ডে বিভক্ত করা না হয়। বরং গ্রামের জনগণকে একত্রিত করে একটি ওয়ার্ড গঠন করতে হবে। একই সঙ্গে তাঁদের প্রস্তাবিত পূর্ব বিতারা ইউনিয়নের অন্তর্ভুক্ত রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই ইউনিয়ন পুনর্গঠন বা বিভক্তির ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত ও বাস্তবসম্মত দাবিকে গুরুত্ব দেওয়া জরুরি। চাংপুর গ্রামের মানুষের দীর্ঘমেয়াদি স্বার্থ, নাগরিক সুবিধা এবং স্থানীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাঁদের এ দাবি বিবেচনা করা প্রয়োজন। মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চাংপুর গ্রামকে একক ওয়ার্ড হিসেবে গঠন এবং প্রস্তাবিত পূর্ব বিতারা ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু.
২২ অক্টোবর ২০২৬