পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ফরিদগঞ্জ’ ক্যাম্পেইনের উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও ঝুঁকিমুক্ত আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে তিনদিনব্যাপী ‘ক্যাশলেস ফরিদগঞ্জ’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে উপজেলার সদর বাজার এলাকায় গ্রাহক, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রফেসর মজিবুর রহমান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ ও আলোচনা সভা।

সভায় পূবালী ব্যাংক গৃদকালিন্দিয়া শাখার ব্যবস্থাপক মো. নাঈমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাইনুল ইসলাম।

ফরিদগঞ্জ উপ-শাখার ব্যবস্থাপক মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংকের কর্মকর্তা আল আমিন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার টিপু পাঠান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী আমানত হোসেন গাজী ও ইয়াছিন বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাইনুল ইসলাম বলেন, আগামী ১ জুলাই থেকে কিউআর কোডভিত্তিক লেনদেন বাধ্যতামূলক করা হচ্ছে।

নিরাপদ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে পূবালী ব্যাংকই প্রথম ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় গৃদকালিন্দিয়া শাখার উদ্যোগে ফরিদগঞ্জে তিনদিনব্যাপী ‘ক্যাশলেস ফরিদগঞ্জ’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

-শিমুল হাছান, ১৯ মে ২০২৬