পুরানবাজারে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে পুরানবাজার এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়; জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রকোপ ও বিস্তারের সময়সীমা বেড়েছে। আমাদের আশপাশের পরিবেশ, বাসাবাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা সামান্য পানিও এডিস মশার প্রজননের জন্য যথেষ্ট। তাই ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা এবং পরিচ্ছন্নতা অনেক বেশি কার্যকর। প্রত্যেক পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধ একটি সম্মিলিত দায়িত্ব। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলি, তবে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এই ধরনের উদ্যোগ জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান চলাকালে তারা পুরানবাজার দাতব্য চিকিৎসালয় কেন্দ্র ও তার আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও পরিত্যক্ত টায়ার অপসারণ করে স্থানীয়দের সচেতন করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, ব্র্যাক চাঁদপুর সদর প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মো. বেলাল হোসেন এবং যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।
-সাইদ হোসেন অপু চৌধুরী, ১৯ মে ২০২৬