সুযোগ পেলে পৌর নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবো : মোশারফ হোসাইন

আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইনের উদ্যোগে রিকশা চালকদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মার্চ শনিবার বিকেলে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ হাওলাদার বাড়িতে এ আয়োজন করা হয়। ব্যতিক্রমী ও মানবিক এই আয়োজনে চাঁদপুর শহরের প্রায় ৭ শতাধিক রিক্সা চালক অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল শেষে আগত রিকশা চালকদের হাতে ঈদ উপহার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।

তিনি বলেন, আমি এমন একটি চাঁদপুরের স্বপ্ন দেখি, যেখানে কোন বৈষম্য, হানাহানি, মারামারি, মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকবে না। যেই চাঁদপুরে সকল শ্রেণী পেশার মানুষ সম্মানের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবে। আজকে যারা অতিথি হিসেবে এই ইফতার মাহফিলে এসেছেন, তারা প্রত্যেকেই এই শহরের নাগরিক। আমি তাদের ভাই, স্বজন অথবা প্রতিবেশী। আমি অতীতে যেমন আপনাদের সুখে-দুখে পাশে ছিলাম,  যতদিন বেঁচে থাকি আপনাদের পাশে থাকব।

চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশাররফ হোসাইন আরো বলেন, রিকশা চালকসহ সকল শ্রমিকরা আমাদের মতই মানুষ। তারাও সম্মানের সাথে জীবন জীবিকা নির্বাহ করতে চায়। তারা পৌর নাগরিক হিসেবে তাদের ন্যায্য অধিকার চায়। ইনশাল্লাহ মহান আল্লাহ যদি আমাকে চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে কবুল করেন, তাহলে আমি আপনাদের নাগরিক অধিকার বাস্তবায়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবে। আপনাদের যে কোন বিপদে আপদে, যেকোনো সময় আমাকে আপনাদের পাশে পাবেন।

ইফতারের পূর্বে চাঁদপুর পৌরবাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাওলাদার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আশেক এলাহী। আমন্ত্রিত রিকশা চালকদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মেসার্স মোশারফ হোসাইন-এর পরিচালক এবং আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ, সাবেক যুবদল নেতা মুজিবুর রহমান ফরহাদ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, পৌর শ্রমিক দলের আহবায়ক ফরিদ মস্তান, চাঁদপুর জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক রহমান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, চারু মোল্লাসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/

১৪ মার্চ ২০২৬