বদলে যাচ্ছে পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন,’শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে নতুন সরকার। ঈদ-উল-ফিতরের পর এ কাজের রোডম্যাপ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়।’

বৃহস্পতিবার দুপুর পৌণে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন,’আজ আমরা দিক-নির্দেশনা দিলাম। বাস্তবায়নের জন্য তিন ধাপের টাইমলাইন ধরে এগোবো। প্রথম ধাপ হবে এখন থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত। এ ধাপে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ’;‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস’এবং ‘শিক্ষকদের ট্যাব দেয়া,মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন’ করা হবে।’

তিনি বলেন,’শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় ধাপ শুরু হবে ঈদ-উল-ফিতরের পর। দ্বিতীয় ধাপে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করবো। সেটা মন্ত্রণালয়ভিত্তিক, বিভাগভিত্তিক ও পরিমাপযোগ্য সূচকসহ।’

ববি হাজ্জাজ বলেন,’তৃতীয় ধাপে হবে ১২-৩৬ মাসের; অর্থাৎ এক বছর থেকে তিন বছর। তৃতীয় ধাপে আমরা পরীক্ষা ও মূল্যায়ন বড় টেকনিক্যাল রি-ফর্ম করবো। কারিগরি,সাধারণ এবং মাদ্রাসা শিক্ষায় ব্রিজিং (সেতুবন্ধ) করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট স্কেল আপ করা হবে।’এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন সেখানে উপস্থিত ছিলেন।

২২ ফেব্রুয়ারি ২০২৬
এ জি