চাঁদপুর শহরে দক্ষিণ গুনরাজদী নেই ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি হলেই জলাবদ্ধতা

চাঁদপুর শহরের ১১ নং ওয়ার্ড দক্ষিণ গুনরাজদি ওয়ারিশ পাটোয়ারী সড়কে দীর্ঘ প্রায় ২০ বছরেও কোন প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। নেই প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা অন্যদিকে বৃষ্টি হলেই পুরো রাস্তায় জমে থাকে হাঁটু সমান পানি।
উক্ত এলাকায় সরজমিন গিয়ে দেখা যায় এলাকাটিতে প্রায় ২০০ পরিবারের বসবাস। এ ব্যাপারে উক্ত এলাকায় বসবাসরত মোহাম্মদ সফরউদ্দিন তোহা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা পৌরসভার মধ্যে বসবাস করেও সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এলাকার বেশ কয়েকজন পৌরসভায় গিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছি। পৌরসভা থেকে গত বছর বেশ কয়েকবার এসে আমাদের এখানে মাপ যোগ করে নিয়ে গেছে। কিন্তু বিধিবাম এর কোন সমাধানই হচ্ছে না।এই এলাকার দীর্ঘদিনের সমস্যা ড্রেনেজ ব্যবস্থা।

ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে থাকে। ফলে আমরা ছোট ছোট বাচ্চাদের কে নিয়ে স্কুল ও মাদ্রাসায় নিয়ে যেতে পারি না। অন্যদিকে বিভিন্ন বাসা বাড়ির বাথরুমের রিজার্ভ টাংকি ভরে ময়লা পানি রাস্তায় চলে আসায় আমাদের চলাচলের খুবই সমস্যা সৃষ্টি হয়। উক্ত পানি দিয়ে হাঁটাচলার কারণে এলার্জি সহ নানা রোগের সৃষ্টি হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের কে নিয়ে আমরা বিপদে রয়েছি। বৃষ্টির সময় বাচ্চাদের কে স্কুলে নেয়া থেকে শুরু করে বাড়ির বাহিরে পর্যন্ত নিয়ে যেতে পারি না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থাকার কারণে এলাকায় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে এখানে এডিস মশার সৃষ্টি হচ্ছে।

সাহিদা নামের আরেকজন অভিযোগ করে জানান আমরা পৌরসভার নিয়মিত কর প্রদান করে আসছি কিন্তু আমরা এই এলাকার কোন প্রকার সুযোগ-সুবিধা পাচ্ছিনা। আমাদের প্রধান সমস্যা ড্রেনেজ। ড্রেন না থাকার কারণে আমাদের বাড়িতে বৃষ্টির পানিতে তলিয়ে যায়। আমাদের বাড়িতে বাথরুমে যেত ও কষ্ট হয়। দীর্ঘদিন পানি থাকার ফলে আমাদের পায়ে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে।

দুদু মিয়া পাটোয়ারী নামের আরেকজন জানান আমরা এলাকাবাসী মিলে পৌর প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করেছি। যাতে করে আমাদের দীর্ঘদিনের সমস্যা ড্রেনেজ ব্যবস্থা করার জন্য। পৌরসভার থেকে আমাদেরকে বেশ কয়েকবার আশ্বাস দিয়েছেন আমরা ড্রেনেজ ব্যবস্থা করব। পৌর কর্তৃপক্ষ বেশ কয়েকবার এসে সরজমিন পরিদর্শন করে গেছেন। এরপরও আমাদের এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে বিভিন্ন বাসা বাড়ির রিজার্ভ টাংকির বাথরুমের ময়লার পানি রাস্তার মধ্যে আসার কারণে এলাকার মধ্যে প্রায় সময় ঝগড়াঝাঁটির সৃষ্টি হয়ে থাকে। একদিকে বাথরুমের ময়লা পানি অন্যদিকে বৃষ্টি হলে হাঁটু সমান পানি। আমরা চাই এই এলাকার মধ্যে একটি ড্রেনের ব্যবস্থা করা হোক।

এই এলাকার মধ্যে রয়েছে দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আনোয়ারা ইসলাম আলিম মাদ্রাসা। এই দুটি প্রতিষ্ঠানে শত শত ছাত্রছাত্রী ছাড়াও শহরের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় লেখাপড়া করে। অথচ বৃষ্টির কারণে ছাত্রছাত্রীরা মাদ্রাসা ও স্কুল কলেজে যাতায়াত করতে পারছে না। এলাকাবাসীর দাবি পৌর কর্তৃপক্ষ সরজমিন প্রদক্ষিণ করে অচিরেই আমাদের দীর্ঘদিনের সমস্যা ড্রেনের একটা ব্যবস্থা করে দিবেন।

নিজস্ব প্রতিবেদক/
৪ আগস্ট ২০২৬