Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / নির্বাচিত হয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম এ হান্নান
নির্বাচিত

নির্বাচিত হয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম এ হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান দায়িত্ব গ্রহণের প্রাক্কালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। জিয়ারত শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি এম এ হান্নান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঘিরে দীর্ঘদিন নানা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা হলেও সাধারণ মানুষের বিশ্বাসে কোনো ভাঙন ধরেনি। তাঁর ভাষ্য, জনগণ কখনোই বিশ্বাস করেনি যে তিনি এতিমের অর্থ আত্মসাৎ করতে পারেন।

তিনি বলেন, “আল্লাহ যাকে সম্মানিত করেন, পৃথিবীর কোনো শক্তিই তার সম্মান কেড়ে নিতে পারে না। রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও দেশবাসীর ভালোবাসা ছিল অটুট।”

এম এ হান্নান আরও দাবি করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সাজা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জীবনের শেষ সময় পর্যন্ত গণতন্ত্র রক্ষা এবং অন্যায়ের সঙ্গে আপস না করার যে দৃঢ় অবস্থান তিনি দেখিয়েছেন, তা তাঁকে মানুষের হৃদয়ে স্থায়ী আসনে অধিষ্ঠিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন পাটওয়ারী, ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক খান, রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম পাটওয়ারী, আলমগীর হোসেন পাটওয়ারী, আব্দুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, জেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ ফেব্রুয়ারি ২০২৬