নির্বাচনে পুলিশ শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে: এসপি
চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান তার বক্তব্যে বলেন, চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে কাজ করতে আমার অত্যন্ত ভালো লাগে। আমাদের আর আপনাদের কাজ প্রায় একই। আমাদের কাছেও তথ্য থাকে, আপনাদের কাছেও বহু তথ্য থাকে। সবকিছু মিলিয়ে আসন্ন নির্বাচনে আপনারা আমাদের সহযোগিতা করবেন—এই প্রত্যাশা রাখি।
তিনি আরও বলেন, চাঁদপুরের ৫টি আসনে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভোটের দিন কোনো সমস্যা হলে দ্রুত পুলিশের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনী আইনশৃঙ্খলা প্রসঙ্গে এসপি বলেন, কোনো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী আনঅ্যাটেন্ডেন্ট থাকবে না। কোথাও না কোথাও বাহিনী থাকবেই। নির্বাচনে কাউকে ভুল বোঝানোর কোনো সুযোগ নেই। তিনি জানান, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশের প্রতিটি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা নিজ নিজ দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে এবং আইন অনুযায়ী পেশাদারিত্ব বজায় রেখে শতভাগ কাজ করতে পারে।
সবশেষে তিনি চাঁদপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতা কামনা করে একসাথে কাজ করার জন্য প্রেসক্লাবের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন,চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ এবং জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা চাঁদপুরে আসার পর ট্রাফিক ব্যবস্থা ও আইনশৃঙ্খলা অনেক উন্নীত হয়েছে।
তিনি আরও বলেন, চাঁদপুরের ৫টি নির্বাচনী আসনে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে করার জন্য সবাইকে কাজ করতে হবে।ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটার চলাচলের জন্য যানবাহন নিশ্চিত করতে হবে।নির্বাচনে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনে দায়িত্বরতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নির্বাচনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের গুরুত্ব সবচেয়ে বেশি। আমরা পুলিশের উপর পুরোপুরি নির্ভরশীল। চাঁদপুর প্রেসক্লাব ও জেলা পুলিশ যৌথভাবে আইনশৃঙ্খলা উন্নয়নে সহযোগিতামূলকভাবে কাজ করবে।
তিনি নির্বাচনী কাজের বাস্তব অভিজ্ঞতা ও তথ্য জেলা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নূর, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফ, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী,সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটাওয়ারী, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি রহিম বাদশা,যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন,
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন,দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ম্যানেজার সেলিম রেজা,সাংবাদিক মিজান লিটন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মতলব সার্কেল এসপি খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, ডিআইও-১ কামরুল হোসেন, চাঁদপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাস, দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির।
সভায় বক্তারা নির্বাচনী নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে বলেন, মতলব শ্রী রায়ের চর, ফরিদগঞ্জ বর্ডার এলাকা, শাহরাস্তি এবং শহরের মতলব রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি প্রয়োজন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রার্থীদের সঙ্গে বসে আলোচনা করলে পরিস্থিতি আরও ভালো থাকবে বলে মত দেন তারা।
বক্তারা আরও বলেন, বাইরের লোকজনের আনাগোনা বেড়েছে— এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তবে অভিযান যেন মাত্রাতিরিক্ত না হয়, যাতে জনমনে স্বস্তি বজায় থাকে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তারা।
সভায় জানানো হয়, চাঁদপুর জেলার ৪২২টি ভোটকেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশের মোট ১৩৫০ জন সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, চাঁদপুরের মানুষ অত্যন্ত আন্তরিক। আমরা আশাবাদী, ভোটের ক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন।
এসময় তিনি ২০২৬ সালের জানুয়ারি মাসে জেলা পুলিশের সাফল্যও তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। মতবিনিময় সভা শেষে চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক এম এ লতিফসহ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক/
৩ ফেব্রুয়ারি ২০২৬