১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি । নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের ঠিক ৪৮ ঘণ্টা আগে সব ধরণের জনসভা,মিছিল ও প্রচারণা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী আর কোনো প্রচারণা চালাতে পারবেন না। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ দীর্ঘ প্রচারযুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে দেশ এখন চূড়ান্ত ভোটগ্রহণের অপেক্ষায় রয়েছে।
এবারের নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর আকস্মিক মৃত্যুতে কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন এ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রযুক্তিগত ও প্রশাসনিক সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। প্রার্থীদের জন্য প্রচারণার সময় শেষ হওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে।
নির্বাচনের ব্যাপকতা ও প্রস্তুতির বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে ভোটারদের সুবিধার্থে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত থাকবে। নির্বাচনি সামগ্রী বিতরণের বিষয়ে কমিশন সূত্রে জানা গেছে,দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট জেলাগুলোতেও আজকের মধ্যেই ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মূলত নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম এখন মাঠপর্যায়ে হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যার দিক থেকেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। পরিসংখ্যান অনুযায়ী,পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন।
এছাড়া তৃতীয় লিঙ্গের ১ হাজার ২২০ জন ভোটারও এবারের নির্বাচনে তাঁদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। জাতীয় এই উৎসবকে কেন্দ্র করে বর্তমানে সারাদেশে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। মঙ্গলবার প্রচার শেষ হওয়ার পর থেকেই মূলত শুরু হবে ভোটকেন্দ্র কেন্দ্রিক চূড়ান্ত কর্মব্যস্ততা এবং ভোটারদের মনে এখন দেশ পরিচালনার নতুন নেতৃত্ব নির্বাচনের রোমাঞ্চ কাজ করছে।
৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur