কচুয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

স্কুল থেকে বাড়ি ফেরার পর গৃহে বই পুস্তক রেখে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় শিশু নাদিয়া আক্তার (৬)। তার সন্ধান না পেয়ে দাদা বাচ্চু মিয়া বাদি হয়ে রবিবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে সোমবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ির সামনের পুকুরে পায়ের জুতা ভেসে থাকতে দেখে পুকুরে নেমে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নিহত নাদিয়া আক্তার স্থানীয় মুন ইন্টারন্যাশনাল স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার বেরকোটা গ্রামের সৌদি প্রসাসি নবীর হোসেন মেয়ে।

নিহতের মা আনিকা আক্তার জানান, তার ১ ছেলে ও ১ মেয়ে। বড় মেয়ে নাদিয়া আক্তার রবিবার দুপুরে স্কুল থেকে গৃহে এসে আকস্মিক ভাবে নিখোঁজ হয়। তবে তার মেয়ে পুকুরে কিভাবে পড়ে মারা গেলো এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। তবে এ বিষয়ে কারো প্রতি কোন সন্দেহ নেই বলেও জানান তিনি। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২ মার্চ ২০২৬