আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নারীর রাজনৈতিক অংশগ্রহণে ডিজিটাল সহিংসতাঃ চ্যালেঞ্জ ও করণীয় সভার আয়োজন করেছে চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।
বুধবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় “সব নারী ও মেয়ের জন্যঃ অধিকার, ন্যায়বিচার, ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনা হয়। বিএনপি, জামায়াত ইসলাম, গণঅধিকার পরিষদ এবং এনসিপি-এই রাজনৈতিক দলগুলো অংশ নেন।
সভার উদ্দেশ্য ছিলোঃ নারী রাজনীতিকদের বিরুদ্ধে টিএফজিবিভি এর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা, রাজনৈতিক দলগুলোকে নারী নেত্রীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে উৎসাহিত করা, অনলাইন সহিংসতা ও নারী অংশগ্রহণের সম্পর্ক তুলে ধরা, রাজনৈতিক দল, মিডিয়া ও প্রযুক্তি প্ল্যাটফর্মের জন্য করণীয় নির্ধারণ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন। তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করতে হলে নারীদের প্রয়োজন রয়েছে। নারীদের ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী ও পুরুষরা সমানভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে। যেহেতু দেশের ৫০ ভাগ নারী, তাই দেশের উন্নয়নে নারীদের বাদ দিয়েও কিছু করা সম্ভব নয়।
এমএএফ এর সহ-সভাপতি ও জেলা মহিলাদলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, এমএএফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পিপি অ্যাড. কোহিনুর রশিদ, চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) রহিমা বেগম, চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ মহিলা জামায়াতের সেক্রেটারী ফাতেমা বেগম, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি আকবর হোসেন চৌধুরী, এমএএফ চাঁদপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
এমএএফ এর কোষাধ্যক্ষ নাহিদা সুলতানা সেতু ও ইয়াং ফেলো এবং গন অধিকার পরিষদের সেক্রেটারী মোঃ মাহমুদুল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। সমাপনী বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. ওমর ফারুক।
যুক্তরাজ্যের এফসিডিও -এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প সহায়তা করে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur