Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নারায়ণপুর সড়ক যেন পুকুর, ঝুঁকি নিয়েই চলছে দূরপাল্লার যানবাহন 
সড়ক

নারায়ণপুর সড়ক যেন পুকুর, ঝুঁকি নিয়েই চলছে দূরপাল্লার যানবাহন 

চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাইয়ের নারায়ণপুর এলাকার সড়ক নয়, যেন মরণফাঁদ। কার্পেটিং উঠে ভাঙাচোরা গর্তে ভরা সড়কে হাঁটাও দায়। দীর্ঘদিন ধরে একই হাল। সরকারের পরিবর্তন হলেও এ সড়কের উন্নয়ন আর হয়নি।’

নিজ গ্রামের পাশ দিয়ে যাওয়া  খানাখন্দের সড়কটি  দেখিয়ে এভাবেই আক্ষেপ করলেন মোজাম্মেল প্রধান হাসিব।হুরমহিসা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফাসহ আশে পাশের শত শত  ভুক্তভোগীদের সড়কটি নিয়ে এমন আক্ষেপ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পুরো সড়কটি। অথচ প্রশাসনকে বলে কোনো কাজ হচ্ছে না। সড়ক জুড়ে খানাখন্দক। বৃষ্টির পানিতে টইটম্বুর সেসব গর্ত। দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক নাকি পুকুর! সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি।

একেতো ভাঙাচোরা সড়ক, তার ওপর দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি। ছোট-বড় গর্তে ঢেউ খেলছে নোংরা পানি। পায়ে হেঁটে চলাও কষ্ট। গর্তগুলো পাশ কাটিয়ে ঝুঁকি নিয়ে হেলেদুলে চলে যানবাহন।

 সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের নারায়ণপুর বাজার সংলগ্ন সাহা বাড়ির মোড় ও নারায়ণপুর বাস স্টেশন এলাকাজুড়ে কয়েকটি স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এসব খানাখন্দে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ঝুঁকি নিয়েই চলাচল করে বাস, পন্যবাহী ট্রাক, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। যানবাহনের ধীরগতির কারণে প্রায়ই সড়কটিতে যানজট লেগে থাকে। আর এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

   স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী ভৌমিক চাঁদপুর টাইমসকে  জানান, বৃষ্টি হলেই সড়কে পানি জমে উপজেলার নারায়ণপুর সাহা বাড়ির মোড় ও নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা পর্যন্ত এই অংশটুকু বেহাল দশায় পরিণত হয়। 

মাঝেমধ্যে সড়কটির গর্তে কিছু ইট-সুরকি ফেলা হলেও বৃষ্টিতে ইট-সুরকি ভেঙেচুরে সরে যাচ্ছে। পুনরায় গর্তের সৃষ্টি হচ্ছে। সড়কটি খারাপ থাকায় এই সড়ক দিয়ে স্কুলের ছাত্রছাত্রীসহ  যানবাহনের  যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা আসলাম মিয়াজী  চাঁদপুর টাইমসকে  বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন  চাঁদপুর, বাবুরহাট, মতলবসহ বিভিন্ন এলাকার দূরপাল্লার বাস,মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা যাতায়াত করছে।এ গর্তটির কারনে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন উল্টে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে আহত হচ্ছে অনেকে।নষ্ট হচ্ছে সবধরনের যানবাহন। বর্তমানে  সড়কটির চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকার সাথে যোগাযোগের একমাত্র সড়ক হওয়ায় ঝুঁকি নিয়েই দূরপাল্লার বাসগুলো চলাচল করছে।

  নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক দুলাল পোদ্দার চাঁদপুর টাইমসকে  বলেন, প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে। খানাখন্দের কারণে প্রায়ই লেগে থাকে যানজট। ফলে বাচ্চাদের স্কুল-কলেজে যেতে দেরি হয়ে যায়। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে এখানে দূর্ঘটনা। সড়কটি দ্রুত মেরামত করতে সংশ্লিষ্টদের প্রতি জোড়ালো দাবি জানাচ্ছি। 

সিএনজি চালক হোসেন গাজী  বলেন, এই ভাঙা রাস্তার কারনে গাড়ী চালাতে অনেক কষ্ট হয়। যাত্রীসহ প্রায়ই সিএনজি উল্টে পড়ে যায়।। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। 

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম চাঁদপুর টাইমসকে বলেন,বিষয়টি নিয়ে জেলার মিটিংয়ে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে।

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী চাঁদপুর টাইমসকে জানান, এই সড়কটি সংস্কার করার জন্য আমরা নোটিশ করেছি। কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে। আপাতত চলাচলের উপযোগী করে দেয়া হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
২৯ জুলাই ২০২৬