নানা আয়োজনে চাঁদপুর জেলা কারাগারে ঈদ উদযাপিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে দিনব্যাপী বর্ণাঢ্য ও আনন্দঘন নানা কর্মসূচির আয়োজন করা হয়। কারা কর্তৃপক্ষের উদ্যোগে বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।
দিনের শুরুতে স্টাফ ও বন্দিদের অংশগ্রহণে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর বন্দিদের মাঝে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়। সকালের নাস্তায় ছিল পায়েস ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, ভাত, গরু/খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ, কোমল পানীয় ও পান-সুপারি। রাতের খাবারে ছিল সাদা ভাত, আলুর দম ও রুই মাছ।
ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়, যেখানে একই ধরনের সমৃদ্ধ মেন্যু পরিবেশন করা হয়। এছাড়া বন্দিদের মধ্যে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়, যা সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
কারাগারের ভেতরে বন্দিদের পরিবেশনায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি বিজয়ী ও পরাজিত দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, কারাগার শুধুমাত্র শাস্তির স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বন্দিদের মানসিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। ঈদের মতো আনন্দঘন দিনে বন্দিদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করা তাদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। আমরা চাই, তারা নতুন করে জীবন শুরু করার অনুপ্রেরণা পাক এবং ভবিষ্যতে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক।”
সবশেষে তিনি বন্দিদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। এছাড়াও কারাগারের জেলার মোঃ জুবাইর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে কারাগারের ভেতরেও ঈদের আনন্দ ও মানবিকতা ছড়িয়ে দেওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী
২২ মার্চ ২০২৬