হাইমচরে নবাগত ইউএনও সঙ্গে যুবদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
চাঁদপুরের হাইমচরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং হাইমচরের সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান আখনের নেতৃত্বে নেতৃবৃন্দ নবাগত ওসি ও ইউএনওর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি বলেন, “হাইমচরের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসনের যে কোনো ইতিবাচক উদ্যোগে আমরা সহযোগিতা করতে চাই। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই হাইমচর হবে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক উপজেলা। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য উপজেলা যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”
এ সময় ইউএনও নজরুল ইসলাম যুবদলের নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “হাইমচরের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাগরিক সেবা সহজ করা এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকার সমস্যা ও জনগণের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
নবাগত ওসি মোহাম্মদ শাহ আলমও হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া, গাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান গাজী, দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, চরভৈরবী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জসিম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে নবাগত ওসি ও ইউএনওর সঙ্গে যুবদল নেতৃবৃন্দ হাইমচরের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিবেদক:মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৭ আগস্ট ২০২৬