চাঁদপুর-৩ : গুরুত্ব দেয়া হয়েছে নদী ভাঙন প্রতিরোধ ও কর্মসংস্থানকে
চাঁদপুর-৩ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচনী ইফতার ঘোষণা করেছেন। তার এই ঘোষিত ইশতেহারে চাঁদপুরের উন্নয়ন, নদী ভাঙ্গন প্রতিরোধ এবং কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা জানেন আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত আমি একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী। নির্বাচন অত্যাসন্ন, এই নির্বাচনে আমি মনে করি ক্ষমতার আগে জনতা, ভোগের আগে ত্যাগ, এমপির পিছনে জনতা নয়, জনতার পিছনে এমপি। সবাই মিলে করবো কাজ, সবার আগে বাংলাদেশ।
প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ আমাকে নির্বাচিত করলে এই আসনের জনতার পিছনে থেকে জনস্বার্থে কিছু কাজ করতে আমার আগ্রহ দীর্ঘ দিনের। অগ্রাধিকার ভিত্তিতে যেসব কাজ করার অঙ্গীকার করছি- নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্য চাঁদপুরে ও হাইমচরে ২টি ইপিজেড তৈরী করা হবে। ব্যাপক কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে রপ্তানিমুখী শিল্প কারখানা তৈরীর মাধ্যমে নতুন শিল্পোদ্যাক্তাদের বেশি বেশি শিল্প কারখানা গড়ে তোলার জন্য আহ্বান জানানো হবে।
মসজিদ, মাদ্রাসা ও সনাতন ধর্মালম্বী সহ বিভিন্ন উপাসনালয় ব্যাপক মানোন্নয়ন করে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু নয়, সবাই আমরা বাংলাদেশী এটাই হোক প্রোগান। চাঁদপুর-হাইমচর যাতায়াতের প্রধান সড়ক ৪ লেনে প্রশস্তকরণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
চাঁদপুর-হাইমচরের সকল সরকারি খাল উদ্ধার করে সংস্কারের মাধ্যমে পানির প্রবাহ চলমান রাখা হবে, যাতে কৃষক খালের পানি ব্যবহার করে উৎপাদন দ্বিগুণ করতে পারে। নদী ভাঙ্গন থেকে চাঁদপুরকে সুরক্ষা দেয়া, প্রকৃতি বান্ধব আধুনিকায়ন এবং বিষ্ণুপুর থেকে জালিয়ারচর পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ করে রিভারড্রাইভ তৈরি করা হবে।
তারেক রহমানের ঘোষণা কৃষক পাবে শস্য বীমা, সহ সকল পেশার মানুষের জন্য সুনিদিষ্ট সরকারি কার্ড ইস্যু করে জীবন মানোন্নয়নে কাজ করা হবে। চাঁদপুর-হাইমচর এলাকার প্রতিটি মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
চাঁদপুর-হাইমচরের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট সহ প্রতিটি রাস্তা পাকাকরনের আওতায় আনা হবে এবং যানজট নিরসনে চাঁদপুর থেকে বের হওয়ার জন্য পূর্বমুখী কয়েকটি নতুন রাস্তা নির্মাণ সহ প্রাচীন ইচলীঘাটে একটি পাকা ব্রীজ নির্মাণ করা হবে। মেঘনার পশ্চিম পাড়, রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, নীলকমল ইউনিয়নকে মেঘনার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী শাসন করা সহ স্থায়ী বন্দোবস্তা করা হবে।
চাঁদপুর-৩ আসনে নতুন ষ্টেডিয়াম স্থাপন সহ প্রতিটি স্কুলে নিয়মিত খেলাধুলা ও আন্তঃপ্রতিযোগিতার ব্যবস্থা করণ এবং সাংস্কৃতিক অঙ্গনে সুপ্ত প্রতিভা বিকাশে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতানুগতিক শিক্ষার পরিবর্তে গণমুখী কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা হবে। চাঁদপুর সদর হাসপাতাল, হাইমচর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগ সহ প্রতিটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত ডিউটি ডাক্তারের মাধ্যমে জরুরী সেবা নিশ্চিত করা হবে। তারেক রহমানের অঙ্গীকার দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত হবে, আগামীর বাংলাদেশ।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চাঁদপুরের উন্নয়নে সকলকে নিয়ে কাজ করব। আমি একটি নির্দিষ্ট গলার প্রার্থী হতে পারি, কিন্তু এই আসনের সকল মানুষ আমার ভোটার। তাই উন্নয়ন কর্মকান্ডে সকলকে সমান গুরুত্ব দেয়া এবং সমান অধিকার নিশ্চিত করা হবে। মাদক, সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স থাকবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ লতিফের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমু উল্লাহ সেলিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম
৭ ফেব্রুয়ারি ২০২৬