শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী : চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র পুরান বাজার আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি,পায়জামা ও হিজাব বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন ‘বিজয়ী’।
রোববার ১ মার্চ সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ফাউন্ডার তানিয়া ইফতিয়া খান শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেন এবং কয়েকজন শিক্ষার্থীকে নিজ হাতে পাঞ্জাবি পরিয়ে দেন। পোশাক বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাও. ওয়াদুদ।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে তানিয়া ইশতিয়াক খান বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আমাদের পারিবারিক সহযোগিতায় দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি, পায়জামা ও হিজাব উপহার হিসেবে প্রদান করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখের হাসিই আমাদের অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “ শিক্ষাই পারে একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় যেকোনো সমস্যা হলে—বই, খাতা, কলম কিংবা অন্যান্য শিক্ষা উপকরণের প্রয়োজন হলে—আমাদের জানাবেন। আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবো। ভবিষ্যতেও শিক্ষা,স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।”
বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি,ইনার হুইল ক্লাব অব আরুশির প্রেসিডেন্ট ও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা নিলুফার করিম এবং উপদেষ্টা কানিজ ফাতেমার সার্বিক সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
উল্লেখ্য,‘বিজয়ী’ ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে খাবার,পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়ে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা আশিক খান,তরুণ সমাজসেবক ও কনটেন্ট ক্রিয়েটর শরীফ হাওলাদার,মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং টিম বিজয়ীর।
১ মার্চ ২০২৬
এ জি