দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন নকশার ৫ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত নতুন নোটটি মঙ্গলবার (১৯ মে) থেকে প্রচলনে আনা হয়েছে।
প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নোটটি বিতরণ করা হবে। পরে অন্যান্য শাখা কার্যালয় থেকেও এটি পাওয়া যাবে।
নতুন নোটটির দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও শাপলা ফুলের নকশা রাখা হয়েছে। পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র।
জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব, সঙ্গে রয়েছে ‘৫’ সংখ্যার বিশেষ ছাপ ও সরকারি প্রতীক। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে নোটে সংযোজন করা হয়েছে নিরাপত্তা সুতা এবং অতি ক্ষুদ্র অক্ষরে ‘বাংলাদেশ’ লেখা। নোটের প্রধান রং হিসেবে ব্যবহার করা হয়েছে হালকা গোলাপি আভা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বৈধ থাকবে।
পাশাপাশি সংগ্রাহকদের জন্য ৫ টাকার নমুনা নোটও প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত মূল্যে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা জাদুঘর, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।
২০ মে ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur