নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মাদক এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ৬ জুন শনিবার বিকালে চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।


ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় দলের ফুটবলার এবং চাঁদপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী। নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও চাঁদপুরের সাবেক কৃতি ফুটবলার অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পি.এম বিল্লাল, সাংগঠনিক সম্পাদক মো. রতন বেপারী সেলিম।

উদ্বোধকের বক্তব্যে জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী বলেন, খেলাধুলার সাথে শারীরিক সুস্থতার সম্পর্ক রয়েছে। আর এখন ফুটবল খেলে আয়-উপার্জন করাও সম্ভব। ভালো খেলোয়াড় পরিবারের জন্য বোঝা নয় বরং পরিবারের জন্য সহায়ক। কঠোর অনুশীলন করলে বাংলাদেশের সর্বত্র খেলার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, একজন ভালো খেলোয়াড় হতে হলে খেলার বিভিন্ন অবস্থানের নাম জানতে হবে। কৌশল শিখতে হবে। কোচ বা প্রশিক্ষকদের এবং সিনিয়র খেলোয়াড়দের সম্মান করতে হবে। খেলাধুলা লেখাপড়ার অবিচ্ছেদ অঙ্গ। একে অপরকে ছাড়া পরিপূরক নহে।

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাবেক কৃতি ফুটবলার অ্যাড. আবুল কালাম সরকার বলেন, মাদক, সন্ত্রাস এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহার আমাদের তরুণ প্রজন্মকে ভুল পথে ধাবিত করছে। অথচ এই তরুণ প্রজন্মের কাছেই আমাদের পরিবার এবং বাংলাদেশের স্বপ্ন নিহিত আছে। তাই তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে তাদের ক্রীড়া এবং সাংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমরা মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করেছি।

এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক ফুটবলারগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক কৃতি ফুটবলার লিটন সরকার।

স্টাফ রিপোর্টার/ ৭ জুন ২০২৬