নজরুলবর্ষে প্রিয় বই নিয়ে সাহিত্য মঞ্চের ব্যতিক্রমী পাঠচক্র
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত ‘নজরুলবর্ষ’কে ঘিরে চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে ব্যতিক্রমধর্মী সাহিত্যানুষ্ঠান পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাছিরউদ্দীন মিলনায়তনে এ আয়োজন করা হয়।
বইপাঠের প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং পাঠাভ্যাসকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ সাহিত্যকর্মী ও বইপ্রেমীরা তাঁদের প্রিয় বই নিয়ে অনুভূতি, বিশ্লেষণ ও পাঠ-অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য মঞ্চের সাবেক সভাপতি ও চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক।
সংগঠনের পাঠচক্র সম্পাদক ইয়াছিন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠচক্রে বই নিয়ে আলোচনা করেন মুহাম্মদ শাহিন (চাঁদের হাট), ইকরা আহমেদ ( একগুচ্ছ ফুল), তানজিল কোতোয়াল (ইউ টু টক টু), ক্বারী মোঃ ইয়াছিন (মেসেজ), ইমাম হোসেন (আসমান), আনা চক্রবর্তী (কুরুক্ষেত্রের ঘুড়ি), নুরজাহান হৃদিতা (শঙ্খনীল), মাহাবুবুর রহমান ( দ্যা অ্যালকেমিস্ট), খাদিজা আক্তার (সাহিত্য পাঠ), তাইয়্যেব হোসাইন (সিক্রেটস অফ জায়োনিজম)। তাঁরা প্রত্যেকে নিজ নিজ পঠিত বইয়ের বিষয়বস্তু, সাহিত্যি মূল্য এবং পাঠ-অনুভূতির বিভিন্ন দিক তুলে ধরেন। সাহিত্য পাঠ করেন ইসমাইল হোসেন, সৈয়দা ফাতেমা ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গনি, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান, অগ্নবীণা পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল ইসলাম কাজী রাসেল এবং কবি জাহিদ নয়ন, সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হানিফ। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সভাপতি ও চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক আশিক বিন রহিম। এসময় উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির আজীবন সদস্য নজরুল ইসলাম স্বপন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে বইপাঠের অভ্যাস ক্রমেই কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে পাঠচক্রের মতো উদ্যোগ তরুণদের বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নজরুল বর্ষ উপলক্ষে এই আয়োজনটি সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা মনে করি একটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশে বইপাঠের কোনো বিকল্প নেই। নজরুলের আদর্শ, মানবিকতা, সাম্যচেতনা ও বিদ্রোহী চেতনাকে ধারণ করতে হলে নতুন প্রজন্মকে বইয়ের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। পাঠচক্রের মতো আয়োজন তরুণদের চিন্তার জগৎকে প্রসারিত করে এবং সাহিত্যচর্চাকে গতিশীল করে।
বক্তারা আরো বলেন, বই কেবল জ্ঞানার্জনের মাধ্যম নয়, এটি মানুষকে মানবিক, যুক্তিবাদী ও সৃজনশীল করে তোলে। নজরুলবর্ষের এই আয়োজনের মূল উদ্দেশ্য তরুণদের বইমুখী করা এবং পাঠাভ্যাসকে একটি সাংস্কৃতিক আন্দোলনে পরিণত করা। নিয়মিত পাঠচক্রের মাধ্যমে সাহিত্যপ্রেমীদের মধ্যে জ্ঞান, চিন্তা ও অভিজ্ঞতার আদান-প্রদানের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানে নবীন ও প্রবীণ লেখক, কবি, পাঠক এবং বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পাঠচক্র নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক/
২৪ জুলাই ২০২৬