Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই : লায়ন মোঃ হারুনুর রশিদ
ধানের শীষ

ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই : লায়ন মোঃ হারুনুর রশিদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জাতির ভাগ্য নির্ধারণের লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

তিনি বলেছেন, “ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই। এই প্রতীকই জনগণের মুক্তির সনদ। ধানের শীষের বিজয় নিশ্চিত হলেই নাগরিকরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো রাষ্ট্রীয় সেবা নিশ্চিতভাবে পাবে।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

৩১ দফার রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনা:
লায়ন হারুনুর রশিদ বলেন, দেশ কোন দিকে যাবে তা এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে। একদিকে বিএনপির ৩১ দফা সংস্কারের অঙ্গীকার, অন্যদিকে বিভ্রান্তিকর নানা কথা। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য কী কী সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। আমরা ব্যক্তিকেন্দ্রিক দান-অনুদান নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে টেকসই সেবায় বিশ্বাসী।

ফরিদগঞ্জে স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “কিছু লোক উল্টো কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং আমাদের ঐক্যের প্রতীক একটিই। যারা নিভৃতে মানুষের সেবা করেন, তারা তা প্রচার করেন না। তাই যেকোনো অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পথসভায় নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লা ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পথসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৪ ফেব্রুয়ারি ২০২৬