ধানের শীষ ও চিংড়ি প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ এবং সন্ধ্যারপর স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ হান্নান সংবাদ সম্মেলন করেন।
বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলনে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের প্রার্থী মো. আব্দুল হান্নানের অনুসারীদের একটি অংশ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে।
লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছ লিখিত বক্তব্য পাঠ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচার চালালেও একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করা হয়।
এদিকে একইদিন সন্ধ্যারপর সংবাদ সম্মেলন করেন বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে আমার এবং নেতাকর্মী সমর্থকদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। ৫ ফেব্রুয়ারি রাতে প্রশাসনের উপস্থিতিতে আমার ওপর হামলা, গাড়ি ভাংচুর এবং উপস্থিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।
শুক্রবার (৬ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় পুলিশসহ অন্যরা প্রকারন্তে তা স্বীকার করে। পরিস্থিতির উন্নতিসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি করছি। এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থীর অন্যতম সমন্বয়কারী ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা ও উভয়পক্ষের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় বিএনপি ও স্বতন্ত্র প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে পরিনত হয়। বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত পৃথকস্থানে এসব ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
৬ ফেব্রুয়ারি ২০২৬