ধানের শীষে ভোট দিলেই মিলবে বিএনপি ঘোষিত সুবিধা: রাশেদা বেগম হীরা
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গুপ্টি পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও এ আসনের প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
এসময় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক এমপি রাশেদা বেগম হীরা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের উন্নয়ন ও স্থিতিশীলতার ধারা ফিরে পেতে চায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সাধারণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছিল। মানুষ যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে—সে লক্ষ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতা বজায় রেখে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে মানুষ নিজস্ব আয়ের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।
এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, বিএনপির প্রতীক একটাই—ধানের শীষ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে এই প্রতীকের পক্ষে কাজ করতে হবে এবং ১২ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ঘরে আসতে হবে। কারো প্ররোচনায় প্রবাহিত না হয় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাসান,
৭ ফেব্রুয়ারি ২০২৬