ধানের শীষের পক্ষে হাইমচরে বিএনপি-জমিয়তের যৌথ গণসংযোগ

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে হাইমচর উপজেলায় যৌথ গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে উপজেলা বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও জমিয়তে ওলামায়ে ইসলাম চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ এ গণসংযোগে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে চর বৈরবি ইউনিয়নের আলগি বাজারে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসার সাইখুল হাদিস আল্লামা মাকসুদুর রহমান কাসেমী, উপজেলা বিএনপির সভাপতি আমিন বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন , জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের জেলা আহ্বায়ক হাফেজ মাওলানা মাজহারুল ইসলামসহ জমিয়ত নেতা মাওলানা খাবির ও মাওলানা মুফতি হামেদ প্রমুখ।

নেতৃবৃন্দ এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জোট মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে থাকতে হবে।

নিজস্ব সংবাদদাতা/
১ ফেব্রুয়ারি ২০২৬