চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে আমরা সর্বোচ্চ ভোটে বিজয়ী করবো‌ : অ্যাড. ইকবাল বিন বাশার

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র নেতা অ্যাডভোকেট ইকবাল বিন বাশার বলেছেন, বিএনপি এদেশের গণতন্ত্রকামি আপামর জনতার সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল। যার প্রতিষ্ঠা করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এছাড়াও বাংলাদেশের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া এই প্রতীকে নির্বাচন করেছেন। বর্তমানে ধানের শীষের কান্ডারী এবং বিএনপির নেতৃত্বে রয়েছেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান।

তিনি আরো বলেন, আমাদের আস্থা, ভালোবাসা এবং আবেগের প্রতীক হচ্ছে ধানের শীষ। আগামী ১২ তারিখ নির্বাচনে সারা বাংলাদেশকে মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানাই। বিশেষ করে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবো‌। আমাদের শুধু ভোট দিয়েই ক্ষান্ত হলে হবে না, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে কোন অপশক্তি আমাদের আমানত ছিনতাই করতে না পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের পুরান বাজার ও নতুন বাজার ব্যবসায়ী এলাকায় এই প্রচারণা কার্যক্রম চালানো হয়। চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে ভোট চেয়ে দলীয় নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণে সময় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র নেতা অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা বিএনপির সদস্য সোলায়মান ঢালী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব বিন সায়েদ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা শহরের পুরান বাজার লোহার পোল এলাকা থেকে একটি মিছিল নিয়ে ব্রিজ পার হয়ে কালীবাড়ি, শপথ চত্বর ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন হাট-বাজার, বিপণিবিতান, সড়কে চলাচলরত যানবাহনের চালক ও পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক আমাদের ধানের শীষ প্রতীকের কান্ডারী। তিনি উন্নয়নশীল এবং কর্মসংস্থান বান্ধব চাঁদপুর গড়ে তোলার স্বপ্ন দেখছেন। যে চাঁদপুরের সন্ত্রাস, দুর্নীতি, মাদক এবং অবিচার থাকবে না। তরুণ প্রজন্মের সেই স্বপ্নের চাঁদপুর বিনির্মাণে আমরা শেখ ফরিদ আহমেদ মানিককে বিপুল ভোটে বিজয়ী করা আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি এই আসনের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভোটে নিয়ে ধানের শীষ বিজয়ী হবে বলে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি তথা ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩ ফেব্রুয়ারি ২০২৬