দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবেনা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা মুরাদনগরে এসে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন- সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে সে জন্যে প্রধান মন্ত্রী তারেক রহমান বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না– এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী আরও বলেন, ‘আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।’
তিনি বলেন, মানুষ যেন আগের চাইতে আরো সহজে এবং অধিক সুবিধা নিয়ে হজ্ব পালন করতে পারেন সে বিষয়ে সরকার কাজ করবে। একই সাথে অন্য ধর্মের মানুষের নিরাপত্তা বিধানেও সরকার সজাগ রয়েছে। বিগত সময়গুলোতে হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সকলে কাজ করে যাব, যেন মানুষ সকল সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ–সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই করব।’
সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘আমরা দায়িত্ব পালন করার জন্য একশতভাগ চেষ্টা করব। উচ্ছৃঙখলতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়ারও চেষ্টা হবে। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি মুরানগর এবং কুমিল্লা জেলার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কুমিল্লা-৩ মুরাদনগর থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণ এবং ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম বারের মতো নিজ বাড়ীতে আসেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এসময় তাকে পথে পথে ফুলেল শুভেচ্ছা জানায় মুরাদনগরের সর্বসাধারণ এবং তার নেতাকর্মীদের এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রী।
কায়কোবাদ ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯০ সাথে ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,
২০ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur