মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে।
শনিবার ৩ অক্টোবর দিবাগত রাত সোয়া বারোটা থেকে রাত দেড়টার মধ্যে এ তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি)।
ইএমএসসির তথ্য অনুযায়ী শনিবার রাত ১২ টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে উঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।
মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম,কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
৪ অক্টোবর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur