Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরের দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ টহল
haimchar
ছবি : সংগৃহীত

হাইমচরের দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ টহল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে বিশেষ টহল পরিচালনা করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন কর্মকর্তারা।

বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্পের অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। সকালে নীলকমল নামক স্থানে হাইমচর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ,বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের অংশগ্রহণে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুর্গম এলাকার ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সেই বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।

হাইমচর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সৈয়দ কামরুল হাসান ওই ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন,একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মেজর কামরুল আরও জানান, নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অত্যন্ত সুসমন্বিতভাবে দায়িত্ব পালন করছে যেন কেউ ভোট প্রদানে বাধা সৃষ্টি করতে না পারে।

চরের দুর্গম এলাকাগুলোতে যাতে কোনো পক্ষ নির্বাচনকে প্রভাবিত করতে না পারে,সে লক্ষ্যে নির্বাচনের দিনও কড়া পাহারা থাকবে বলে সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই টহল কার্যক্রমের ফলে স্থানীয় ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

১০ ফেব্রুয়ারি ২০২৬
এ জি