দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতা চর্চার আহ্বান এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
দীর্ঘ ২৫ বছরের গৌরবময় পথচলা উদযাপন করেছে চাঁদপুরের জনপ্রিয় আঞ্চলিক দৈনিক চাঁদপুর প্রবাহ। রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। প্রতিনিধি সম্মেলন, সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান সম্পাদক আলহাজ ওচমান গনি পাটওয়ারীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা ও সাংবাদিক ইউনুস উল্ল্যাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রিয়াদ ফেরদৌস, ব্যবসায়ী সেলিম খান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি একে এম রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আহসানউল্লাহ, জিএম শাহিন, মির্জা জাকির, ড্যাফোডিল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি কাদের পলাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান বার্তা সম্পাদক আল ইমরান সোভন এবং ফরিদগঞ্জ প্রতিনিধি ফয়েজ আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দৈনিক চাঁদপুর প্রবাহ গত ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে পত্রিকাটি চাঁদপুরের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, আমি ঢাকায় কিংবা দেশের বাইরে অবস্থান করলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে চাঁদপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত জানতে পারি। সাংবাদিকদের প্রকাশিত সংবাদ একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমার কোনো ভুলত্রুটি যদি আপনাদের নজরে আসে, অবশ্যই তা লিখবেন। গঠনমূলক সমালোচনা আমাকে নিজের ভুল সংশোধনের সুযোগ করে দেবে এবং জনগণের আরও ভালোভাবে সেবা করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে জাতীয় সংসদে সম্প্রতি একটি কঠোর আইন পাস হয়েছে উল্লেখ করে তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদই একটি গণতান্ত্রিক সমাজের শক্তি। গত ২৫ বছরে দৈনিক চাঁদপুর প্রবাহ যেভাবে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়েছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে—এটাই আমার প্রত্যাশা।”
সংবর্ধিত অতিথি একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনিরুল ইসলাম দৈনিক চাঁদপুর প্রবাহের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, একটি আঞ্চলিক পত্রিকার টানা ২৫ বছর টিকে থাকা এবং পাঠকের আস্থা ধরে রাখা অত্যন্ত গৌরবের বিষয়। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের উন্নয়ন, গণসচেতনতা সৃষ্টি, দুর্নীতি ও অনিয়ম উন্মোচন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক চাঁদপুর প্রবাহ গত এক-চতুর্থাংশ শতাব্দী ধরে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেই দায়িত্ব পালন করে পাঠকের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে রজতজয়ন্তী উপলক্ষে ২৫ বছর পূর্তির কেক কাটা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
এর আগে বাদ জুমা প্রতিনিধি পরিচিতি পর্বের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর প্রতিনিধি সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নিয়ে মতবিনিময় করেন। দুপুরে সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আরটিভির অনলাইন আইটি ইনচার্জ দেলোয়ার হোসেন। কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতা, অনলাইন সংবাদ প্রকাশের কৌশল, তথ্য যাচাই এবং আধুনিক গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
দিনব্যাপী নানা আয়োজন শেষে রাতে বুফে ডিনারের মাধ্যমে রজতজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। উৎসবমুখর পরিবেশ, বিপুল উপস্থিতি এবং আন্তরিক অংশগ্রহণে দৈনিক চাঁদপুর প্রবাহের ২৫ বছরের এই মাইলফলক উদযাপন স্মরণীয় হয়ে থাকবে বলে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক/
১৭ জুলাই ২০২৬