দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে কচুয়ায় ভিডিপি ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মসূচি

দক্ষ ও সচেতন জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ভিডিপি ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে পৃথকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৫০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে। ক্যাম্পেইন প্রশিক্ষন কর্মসূচি ১৬জুন শুরু হয়েছে এবং আগামী ২৯ শে জুন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।

বুধবার ক্যাম্পেইন প্রশিক্ষনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কচুয়ার কৃতি সন্তান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (প্রকল্প ও প্রশিক্ষণ) মো. মইনুল ইসলাম মজুমদার।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগে দক্ষ মানবসম্পদই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে আনসার ও ভিডিপি বাহিনী বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ ও আত্মকর্মসংস্থানের বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি।

তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুবসমাজকে স¤পৃক্ত করতে আনসার ও ভিডিপি বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডেও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।

এ সময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, মতলব দক্ষিন উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মো: সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: তাজুল ইসলাম মজুমদারসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে ভিডিপির কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান এবং জাতীয় উন্নয়নে যুবসমাজের ভূমিকা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স¤পৃক্ত করে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৫ জুন ২০২৬