Home / চাঁদপুর / তেলের দাম বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধেও সোচ্চার থাকার আহ্বান: এমপি মানিক
তেলের

তেলের দাম বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধেও সোচ্চার থাকার আহ্বান: এমপি মানিক

চাঁদপুরে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জাটকা রক্ষা অভিযান অব্যাহত রাখা, বাজারে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, গত মাসের তুলনায় নারী নির্যাতনের ঘটনা কমেছে। এছাড়া অপরাধ পর্যালোচনায় দেখা যায়, মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা বেড়েছে। গত মাসে ১৪২টি মোবাইল কোর্ট পরিচালিত হলেও এ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬টিতে। বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশসহ বিভিন্ন সংস্থার অভিযানে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে দালালচক্র বন্ধ, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বাণিজ্যিক অনিয়ম বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। রোগীদের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,আমরা দুইজন সংসদ সদস্য প্রায় ১২ লক্ষ মানুষের দায়িত্ব পালন করছি। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সময়মতো অফিস কার্যক্রম পরিচালনা করতে হবে। যারা তা পারবেন না, তারা অন্যত্র চলে যাওয়ার বিষয়ে ভাবতে পারেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনের কর্মতৎপরতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এমপি মানিক আরও বলেন, জনগণ যেন নিরাপদে ঘুমাতে পারে, চাঁদাবাজি থেকে মুক্ত থাকতে পারে এবং কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পায়—এজন্য প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে। তিনি তেলের দাম বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধেও সোচ্চার থাকার আহ্বান জানান।

ঈদ উপলক্ষে যানজট নিরসনে বাসগুলোকে প্রধান সড়কে দাঁড়িয়ে থাকতে না দেওয়া, বাবুরহাট থেকে জৈনপুর রুটে বাস চলাচল নিয়ন্ত্রণ, জাটকা রক্ষা অভিযানে কর্মকর্তাদের সতর্ক থাকা এবং জেলেদের জন্য চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়েও তিনি নির্দেশনা দেন।

এছাড়া বিভিন্ন মাজারে গাঁজা সেবন ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

অন্যদিকে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আগামী পাঁচ বছর আমরা বন্ধুর মতো কাজ করতে চাই। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই তাদের সেবাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, গত ১৭ বছর পুলিশের কাছ থেকে দূরে থাকা সম্ভব হয়নি, কিন্তু সংসদ সদস্য হওয়ার পরও ব্যক্তিগত কাজে পুলিশ ব্যবহার করেননি। সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন, দেশের সকল মানুষের জন্য কাজ করার শপথ নিয়েছেন তারা এবং আইন বহির্ভূত কোনো কাজ করবেন না।

তিনি ভূমি অফিস, শিক্ষা অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে গ্রাম আদালত সক্রিয় করা এবং থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশের ভূমিকা জোরদারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা চাইলে কোনো অফিস পরিদর্শন করতে পারেন, তবে সরকারি কর্মকর্তারা চাইলে আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা একসঙ্গে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের পাঁচজন সংসদ সদস্যকে অন্তত এক-দুই বছর সহযোগিতা করলে আমরা জনগণের জন্য অনেক কাজ করতে পারবো।
সভায় আরও বক্তব্য রাখেন— চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম, চাঁদপুর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা বেগম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হাসান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা মোঃ মোশারফ হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার তাহের মাস্টার এবং জেলা মৎস্য কর্মকর্তা।

এছাড়া উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আশিক, চাঁদপুর নৌ পুলিশের এডিশনাল পিপি জহুরুল ইসলাম, কোস্টগার্ড স্টেশন কমান্ডার, এনএসআই চাঁদপুর জেলা উপ-পরিচালক ইফতেখারুল আলম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নানান, চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোঃ হাশেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এবং জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেন।

সভায় বক্তারা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে নানা পরামর্শ প্রদান করেন।
সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

সভার শুরুতে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
৮ মার্চ ২০২৬