Home / সারাদেশ / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিলিং স্টেশনে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে
মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিলিং স্টেশনে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে

কুমিল্লার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। আজ শুক্রবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পাম্পগুলোতে ভিড় জমায় বিভিন্ন পরিবহন। বিশেষ করে সিএনজিচালিত যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায় মহাসড়কের পাশের স্টেশনগুলোতে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, সকালে তেলের জন্য চাপ অস্বাভাবিক ছিল। এ সময় অনেককেই খোলা কনটেইনার নিয়ে আগাম তেল মজুদ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু সময়ের জন্য তেল বিক্রি বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে বিশৃঙ্খলা এড়াতে বর্তমানে শুধুমাত্র যানবাহনেই সরাসরি তেল সরবরাহ করা হচ্ছে।

এদিকে জুম্মার নামাজের কারণে দুপুরের দিকে যানবাহনের চাপ কিছুটা কমে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পাম্প সংশ্লিষ্টরা।
কুমিল্লার দেবীদ্বার পান্নারপুল ব্রাদার্স ফিলিং স্টেশন এর ম্যানেজার খালেদ হোসেন বলেন, “সকালে অনেক মানুষ ড্রাম আর গ্যালন নিয়ে আসছিল তেল স্টোক করার জন্য। আমরা ঝামেলা এড়াতে তখন বিক্রি সাময়িক বন্ধ রাখি। এখন শুধু গাড়িতে তেল দিচ্ছি, তাতে চাপ কিছুটা কমেছে।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর পাশে ব্রাদার্স ফিলিং স্টেশন ম্যানেজার বশির আহমেদ বলেন, “ছুটির দিন হওয়াতে আর নামাজের সময় হওয়ায় দুপুর থেকে ভিড় কিছুটা কম। আমরা সিরিয়াল মেইনটেইন করে গাড়িগুলোতে তেল দেওয়ার চেষ্টা করছি।”

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৬ মার্চ ২০২৬