বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পেতে যাওয়া ব্যক্তিদের মধ্যে আলোচনায় আছেন ড. মাহদী আমিন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা এবং সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. মাহদী আমিন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর প্রসেস এক্সেলেন্স এন্ড ইনোভেশনে তথ্য- প্রযুক্তিগত উৎকর্ষ বিষয়ে শিক্ষক ও গবেষক, আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের সভাপতি ছিলেন।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড, লন্ডন ডেভেলপমেন্ট করপোরেশনসহ বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন।
দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া মাহদী আমিন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাইরেও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পলিটিকাল ইকোনমি অব পাবলিক পলিসি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
মাহদী আমিনের অনুপ্রেরণাদায়ী শিক্ষাগত ও পেশাগত অর্জনকে সম্মান জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাকে নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে কৃতি সন্তান।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur