ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে ফল উৎসব ও নবীন বরণ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই শনিবার কলেজের ইউনুস খান অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান এবং সহকারী কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ রোটারিয়ান মোঃ ফয়সাল আহমেদ ফরাজী।
বক্তারা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সিএসই বিভাগের নবীন শিক্ষার্থীদের হাতে ইনডোর প্লান্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। পাশাপাশি সিএসই বিভাগের সিনিয়র শিক্ষার্থীরাও নবীনদের বিভিন্ন উপহার প্রদান করে শুভেচ্ছা জানায়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
এ সময় সিএসই বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ফল উৎসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, সম্প্রীতি ও ইতিবাচক শিক্ষার পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্টাফ করেসপন্ডেট/
১১ জুলাই ২০২৬